পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এলাকার হাতির সুরক্ষায় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ইপিজেডের কর্মীদের নিরাপত্তা এবং মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসনে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করবে। আগামী তিন সপ্তাহের মধ্যে এ কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে।

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের মিনি সভাকক্ষে পরিবেশ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় কোরিয়ান ইপিজেডের প্রেসিডেন্ট, ব্যবস্থাপনা পরিচালক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের জেলা প্রশাসককে আহ্বায়ক করে গঠিত এ বিশেষজ্ঞ কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুল এইচ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, আইইউসিএনের প্রতিনিধি, কোরিয়ান ইপিজেডের দুজন প্রতিনিধি, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রুবাইয়া আহমেদ এবং চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা। চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো হাতির সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ইপিজেড এলাকার কর্মীদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা এবং মানুষ-হাতির মধ্যে সংঘাতের সমাধান খুঁজে বের করা।