স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। রোববার (৪ অক্টোবর) ঢাকার সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় বাংলাদেশের স্বাস্থ্য খাতের অগ্রগতি, চলমান বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি এবং এসব রোগ মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে জানান। একই সঙ্গে দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরেন তিনি।

বৈঠকে মন্ত্রী বলেন, চলতি বছর দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি জানান।

সাক্ষাতে যুক্তরাজ্যের সংসদ সদস্য মনিকা হার্ডিং, সংসদ সদস্য অ্যালান গাম্মেল এবং সংসদ সদস্য আরটি ডেভিড মুন্ডেলসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।