ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাত ষাটোর্ধ্ব এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। চলন্ত ট্রেনের নীচে পড়ে তার শরীর দুই খন্ড হয়ে যায়। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভাবে অসুস্থ।

রেললাইনের পাশে মাঠে কাজ করা হাসেম আলী নামে এক কৃষক জানান, ট্রেন আসার আগে তাকে রেলগেট এলাকায় ঘুরতে দেখেছিলাম। তাকে দেখে মনে হয়েছিল তিনি মানসিক রোগী।

মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, ট্রেনের চালকের মাধ্যমে জানতে পারি বাবরা রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েছে। পরে লোকজন পাঠিয়ে নিশ্চিত হয়ে যশোর রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাবে।