নড়াইলের কালিয়ায় উদীচী শিল্পী গোষ্ঠীর দুদিনব্যাপী উৎসবের প্রথম দিনে পেট্রল বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার বড়দিয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটেছে। এ কারণে দ্বিতীয় দিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
জানা গেছে, উদীচী বড়দিয়া (নড়াইল) শাখা এ বছর দুদিনব্যাপী উৎসবের আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনাসভা, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গণসংগীত, ঢাকা থেকে আগত শিল্পীদের নিয়ে বাউল সংগীত এবং ভারত গণনাট্য সংঘের গণসংগীত পরিবেশনা। প্রথম দিন শনিবার আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার পর দুর্বৃত্তরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেছন দিক থেকে মঞ্চ লক্ষ্য করে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে। বোমাটি গাছে লেগে নিচে পড়ে গেলে বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। পরে অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৯টার দিকে আবার মঞ্চের সামনে পেট্রল পড়ে আগুন ধরে যায়। এরপর সাড়ে রাত ১০টার দিকে অনুষ্ঠান শেষ হয়ে যায়। রাত ২টার দিকে তৃতীয় দফায় মঞ্চের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করলে শামিয়ানা ও ম্যাট পুড়ে যায়।










