ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে আটজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাবে রহমত জানান, বৃহস্পতিবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং ১২ জুন অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য গতকাল ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় কোনো পক্ষই সভা, সমাবেশ, জনসংযোগ ও মিছিল করতে পারবে না।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তারাকান্দা বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সরকারের নির্বাচন কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান করছিলেন। রাত ৮টার দিকে তারাকান্দা উত্তর বাজার থেকে আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হকের সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ের কাছে যেতেই ককটেল ও গুলির শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। এতে আটজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।










