দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর মার্চের শুরুতে বাংলাদেশ সফর করবেন। আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের অঙ্গীকারের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠেছে ।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন অংশীদারত্ব, অভিবাসন এবং জন-যোগাযোগসহ সহযোগিতার প্রধান ক্ষেত্রসমূহ পর্যালোচনা করেন। একই সঙ্গে মার্চের শুরুতে পল কাপুরের ঢাকা সফর নিয়েও আলোচনা হয়।