মেঘনা নদীতে একটি ট্রলারডুবির ঘটনায় চার জেলে নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার ভোরে বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে একজন তীরে উঠতে পারলেও বাকি চারজনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।

আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।

প্রত্যক্ষদর্শী শামিম হোসেন জানান, তারা পাঁচজন একসঙ্গে একটি ট্রলারে করে রাতে মাছ ধরতে যান। জাল ফেলে ট্রলার নোঙর করে সবাই ঘুমিয়ে পড়েন। ভোররাতে হঠাৎ বিকট শব্দ ও ধাক্কায় ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে ট্রলারটি উল্টে যায় এবং সবাই নদীতে পড়ে যান। পরে সবাই তীরে ওঠার চেষ্টা করেন। কিন্তু তিনি ছাড়া আর কেউই তীরে উঠতে পারেননি।

শামিম জানান, ধারণা করা হচ্ছে, কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ মৃধা বলেন, রাতেই একজনকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু বাকি চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নৌ পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ মো. এনামুল হক জানান, খবর পেয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার জানান, রোববার দুপুরে তিনি বিষয়টি জানতে পারেন। এরপর নৌ পুলিশকে নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।