দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত পড়ছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও হালকা কুয়াশা থাকছে। ঠাণ্ডার দাপটের কাছে যেন নিস্তেজ হয়ে পড়েছে সূর্যটাও। কনকনে শীতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯১%। আর সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৪%। তিনি আরো জানান, ডিসেম্বর মাসের শেষ দিকে এ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র আকারের একটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। 

এদিকে, কনকনে শীতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। জীবন জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে তাদের রুটি-রুজির সন্ধানে ঘরের বাইরে বের হতে হচ্ছে। ঠাণ্ডার মধ্যে ভোরের আলো ফোটার আগেই বাড়ির বাইরে বেরিয়ে পড়ছেন তারা। রিকশা, ভ্যান ও ইজিবাইকসহ পৌর শহরের বিভিন্ন মোড়ের ভ্রাম্যমাণ দোকানগুলো সন্ধ্যার পর থেকেই কমতে শুরু করে।