দিনাজপুরের পার্বতীপুরে নীলসাগর আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। গতকাল বুধবার বিকালে পার্বতীপুর রেলস্টেশনে প্রবেশের আগে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি বলে জানা গেছে। ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার পথে দুই নম্বর বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের এসএসফিটার হুমায়ুন কবির বলেন, ‘হুইল মেজারমেন্ট ভেঙে যাওয়ার কারণে বগিটি লাইনচ্যুত হয়।’
ট্রেনের পরিচালক মো. সিফাত জানান, হুইল মেজরমেন্টের বিষয়টি পাঁচদিন আগে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে তাদের নজরে আসে। মঙ্গলবার রাতে চিলাহাটি থেকে ঢাকা যাওয়ার পথে সান্তাহার স্টেশনে ক্যারেজ ফিটাররা এসে তা ঠিক করে যান। ট্রেনটি জয়পুরহাট থেকে বিরামপুর স্টেশনে পৌঁছার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে জানালে তিনি ৬০ কিলোমিটার স্পিডে চালিয়ে যেতে বলেন।
লোকোমোটিভ মাস্টার মেহেদী হাসান বলেন, ‘ট্রেনের স্পিড পার্বতীপুর-সান্তাহার স্টেশনের মধ্যে ৯০ কিলোমিটার হলেও তিনি নির্দেশনা পেয়ে ৬০ কিলোমিটার গতিতে চালিয়ে নিয়ে আসেন। পার্বতীপুর স্টেশনে প্রবেশের সময় ট্রেন লাইনচ্যুত হয়।’
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ট্রেনটির তিনটি কোচের হুইল মেজারমেন্ট ভেঙে পড়ে। ঝুঁকিপূর্ণ অবস্থায় পার্বতীপুর স্টেশনে প্রবেশ করার আগেই তিনটি বগি লাইনচ্যুত হয়। দেড় ঘণ্টা পর বগি তিনটি কেটে রেখে ট্রেনটি চিলাহাটি অভিমুখে ছেড়ে যায়। ট্রেনে গতি কম থাকায় দুর্ঘটনায় ক্ষতি হয়নি।










