মাদারীপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের বেশির ভাগই বাসের যাত্রী। গতকাল দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর মাদ্রাসা বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশের প্রচেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
গুরুতর আহতরা হলেন শিহাব (১৮), রবিউল আলম (৪৬), মোহাম্মদ লিটন (৫০) ও তার স্ত্রী জোসনা (৪০), রেজাউল (২৫), সাজ্জাদুল (২৩), মোহাম্মদ আনোয়ার হোসেন (৩০)। তারা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপ চালকসহ অন্তত ২০ জন আহত হন।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।










