সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার পাশাপাশি স্থাপিত ৮০টি কেবিন চালু করা হয়েছে। গতকাল সকালে কেবিনগুলো উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের নবাগত পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন, সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেন ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং সেবিকারা।
প্রথম কেবিন ব্যবহারকারী সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার জানান, হাসপাতালে তার স্ত্রী চিকিৎসা নিয়েছেন। তিনি কেবিনে ছিলেন। প্রশস্ত এবং আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত কেবিলগুলো খুবই চমৎকার। হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন জানান, হাসপাতালে ৫০০ শয্যার পাশাপাশি ছয়তলায় পুরোটাই ৮০টি কেবিন স্থাপন করে গত জুন মাসে হস্তান্তর করা হয়। কিন্তু দীর্ঘদিনেও চালু না করায় কেবিনগুলো ময়লা-আবর্জনায় ভর্তি ছিল। পরিত্যক্ত অবস্থার সৃষ্টি হয়ে প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। কেবিনগুলো পরিষ্কার করে তা চালুর ব্যবস্থা করা হয়। সরকার নির্ধারিত ফি দিয়ে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এসব কেবিন রোগীরা ব্যবহার করতে পারবেন।










