ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান মিলনায়তনে গণিত বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে আঞ্চলিক পর্যায়ের শ্রেষ্ঠ দশজন করে মোট ৮২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০ জনকে পুরস্কার দেয়া হয়।

ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘বিজ্ঞানের মূল ভাষা হচ্ছে গণিত। গণিতে ভালো হলে জ্ঞানের সকল শাখায় ভালো করা যায়। সর্বোপরি গণিত চর্চা একজন মানুষকে যুক্তিনির্ভর মানুষ হিসেবে গড়ে তোলে।’

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ও জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার।