ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার ও এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) ভোররাতে উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গির চর এলাকার রতনের ছেলে সোহেল (২০) ও বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদারশী এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৩টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা টাইলস বোঝাই ট্রাককে পেছন থেকে আমবোঝাই আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল মারা যান। ওই সময় পাশে থাকা পথচারী সবুজ হাওলাদার গুরুতর আহত হন।
সবুজকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উজিরপুর স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সোহেলের মরদেহ উদ্ধার করে।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক শরীফ জানান, দুর্ঘটনায় জড়িত টাইলস বোঝাই ট্রাকটি ঢাকার মিরপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল। আর আমবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালের দিকে আসছিল।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর উভয় ট্রাকের চালক ও টাইলস বোঝাই ট্রাকের হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছিল।
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহত সবুজ হাওলাদারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










