ভোটারদের ভয় নেই, তাদের নিরাপত্তার জন্য আইনের বিধান রয়েছে। যদি কেউ ভোটারদের কোনো রকম বাধা বা হুমকি দেয় তাহলে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। ঘরে বাইরে কোনো জায়গায় ভোটারদের ভয় দেখালে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন জটিল কাজ। সবাই সহযোগিতা করে সফল করা উচিত। কারো একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা এ কাজে জড়িত তাদের সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, এবারই প্রথম ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। ভোটারদের কোনো ভয় নেই। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। তাই ভোটারদের হুমকি দিলে প্রশাসন জানা মাত্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক ইলাহী, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৪ টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সকল প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এরপর নির্বাচন কমিশনার একই হলরুমে ৪ টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিয় করবেন।










