কুড়িগ্রামে ভারীবর্ষণ ও তিস্তার উজানে পানিতে বন্যার শঙ্কা দেখা
দিয়েছে। এতে তিস্তার নদীর পাড়ের মানুষকে সতর্ক করার জন্য মাইকিং করে আশ্রয় কেন্দ্রে
যেতে বলা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) দুপুর রাজারহাটের ঘড়িয়াল ডাঙ্গা ও তৈয়বখাঁ ইউনিয়নে
মাইকিং করে জনসাধারণকে এ সতর্কবার্তা দেয় রাজারহাট উপজেলা প্রশাসন।
রাজারহাট উপজেলা নির্বাহী প্রকৌশলী কাদেরী রায় জানান, বুধবার (৪ অক্টোবর)
মধ্যরাতে তিস্তার পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপরে উঠতে পারে। এজন্য নদীর তীরবর্তী
ও চরাঞ্চলের মানুষজন আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলার রাজার হাট, উলিপুর ও চিলমারী উপজেলার
ওপর দিয়ে তিস্তা নদী ৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন
জানান, তিস্তার ভারতের অংশে হওয়া বৃষ্টির কারণে কুড়িগ্রাম অংশে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার
ওপরে পানি ওঠতে পারে। তবে পানি বৃদ্ধি পেলেও ব্রহ্মপুত্রসহ জেলার উপর দিয়ে প্রবাহিত
অন্যান্য নদনদীতে পানি কম থাকায় তা দ্রুত নেমে যাবে বলে জানান এ কর্মকর্তা।










