প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমাজে বিরাজমান অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে আইন পেশায় সম্পৃক্ত সবাইকে ন্যায়ের পথে থেকে যাবতীয় অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে বিরতিহীনভাবে কাজ করে যেতে হবে।
গতকাল শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন। টাঙ্গাইল কুমুদিনী কমপ্লেক্সের পূজা উদযাপন কমিটির কাছে এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
শুভেচ্ছা বার্তায় প্রধান বিচারপতি বলেন, ‘আবহমানকাল থেকে ধর্ম-বর্ণ-শ্রেণী নির্বিশেষে সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে শারদোৎসব উদযাপনের সংস্কৃতি আমাদের ভ্রাতৃত্ববোধ, বহুত্ববাদ, সহিষ্ণুতা ও একত্রে পথচলার শিক্ষা দেয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এ উদাহরণ একদিকে যেমন আমাদের ন্যায়বিচার ও মানবিক মর্যাদার জন্য লড়াই করতে শেখায়, তেমনিভাবে আমাদের সামাজিক দায়িত্ববোধ, তথা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সুরক্ষায় আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে—তা নতুন করে স্মরণ করিয়ে দেয়।’
এর আগে শনিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ টাঙ্গাইলের মির্জাপুরের প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামণ্ডপ, কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার সাইফুল ইসলাম।










