দেশের শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রম আইন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শ্রম আইন সংস্কারের উদ্যোগ নিতে বলেন।

আজ বুধবার (৫ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশন সামনে রেখে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সবকিছু ইতিবাচকভাবে করতে হবে এবং সব কাজ সম্পন্ন করতে হবে। এখানে কোনো অজুহাত দেয়া যাবে না।

প্রধান উপদেষ্টা শ্রম খাতে কর্মীদের বীমা সুবিধা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনলাইনে যুক্ত হন। তিনি জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি বলেন, বাংলাদেশ এরই মধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি তুয়োমো পুশিয়াইনেন। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।