ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের পুরাতন বাজারসংলগ্ন খালের ওপর সেতু নির্মাণ শেষ হয় প্রায় আট মাস আগে। ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় ভোগান্তি বেড়েছে পথচারীদের।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় বাজারের ব্যবসায়ী, ক্রেতাসহ সাধারণ মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে গিয়ে অনেক সময় শিশুরা দুর্ঘটনার শিকার হচ্ছে। বৃদ্ধরা কারো সাহায্য ছাড়া সেতুতে উঠতে পারছেন না। সেতুর দুপাশেই রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিস। পৌনে ২ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও সুফল পাচ্ছে না এলাকাবাসী।
সেতু নির্মাণকারী ঠিকাদার রেজাউল করিম জাকির বলেন, ‘সংযোগ সড়ক নির্মাণের জন্য নকশার প্রয়োজন রয়েছে। সেটি পেলে সড়ক নির্মাণ করে দেয়া হবে।’ সংযোগ সড়ক শিগগিরই নির্মাণ করে দেয়া হবে বলে জানিয়েছেন রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার।










