নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদে জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তুহিন হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত ৩০ জুন রিমান্ড শুনানির তারিখ থাকলেও উচ্চ আদালতে জামিন শুনানির আবেদন পেন্ডিং থাকায় ৭ জুলাই নির্ধারণ করেন আদালত। শুনানির সময় আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।










