রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ভাঙচুর ও ভবনের বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে দুইটা নাগাদ এই ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে নষ্ট হয়ে যায় বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র ও শিল্প কর্ম। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষে থাকা বেশির ভাগ আসবাব ভেঙে ফেলা হয়েছে। কাগজপত্র ও সরঞ্জাম তছনছ করা হয়েছে।

ঐতিহ্যবাহী এ ভবন ও সাংস্কৃতিক ইনস্টিটিউটে হামলার বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা দলে দলে সেখানে ঢুকে পড়ে ভাঙচুর চালাতে শুরু করে। তারা সংগঠনের নামফলক ভেঙে ফেলে। নিচ তলায় গিয়ে সব আসবাবপত্র ও বাদ্যযন্ত্র ভেঙে ফেলে।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর শাহবাগে আন্দোলনরতদের একটি দল কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। আরেকটি দল বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডির দিকে যায়। সেখানে তারা ছায়ানটের বিল্ডিংয়ে ঢুকে ভাঙচুর করে এবং ভবনের জিনিসপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের বের করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।