নড়াইল-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু। গতকাল বেলা ১১টায় শহরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আওয়ামী লীগের এ নেতা। অসুস্থতাজনিত কারণে রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন লিটু। এ সময় তিনি মাশরাফিকে সমর্থন জানিয়ে তার সমর্থকদের নৌকায় ভোট দিতে অনুরোধ জানান।

এ আসনে আট প্রার্থী নির্বাচনে অংশ নিলেও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মর্তুজার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।

লিটু সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করার পর সমর্থকদের স্বাক্ষর গরমিল ও মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করে দেয়। পরবর্তী সময়ে চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছি। তবে নির্বাচনে প্রচারণার জন্য সময়স্বল্পতা, লিভার ও মেরুদণ্ডের সমস্যার কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। কোনো ধরনের চাপ কিংবা হুমকি-ধমকি নয়, স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেও নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফির প্রতি সমর্থন থাকবে।’