অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘আমাদের প্রতিশ্রুতি ছিল মোবাইল আমদানিতে শুল্ক কমাতে সক্ষম হলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালু করবো। আমরা শুল্ক কমাতে পেরেছি, তাই এনইআইআর চালু থাকবে। এখন এনইআইআর সচল আছে।’
আজ রোববার দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এসময় বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘এই ধরনের একটা হামলার ঘটনা ঘটলো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলার ঘটনা একেবারেই নজিরবিহীন। আমরা এই হামলার নিন্দা জানাই এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটা নিয়ে মামলা হয়েছে এবং আমরা আশা করি, বাংলাদেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক হামলা যাতে ভবিষ্যতে না হয়।’










