মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর
সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন, নারী-পুরুষ সমঅধিকারের ভিত্তিতে কাজ করলেই প্রধানমন্ত্রী
শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।
শুক্রবার (২২ মার্চ) পরিবারে পুরুষের ভূমিকা নিয়ে বুট ক্যাম্প ও লার্নিং
ক্যাম্প বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গাজীপুর
সিটি করপোরেশনের টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডের টিডিএইচ স্কুলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে
এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।খবর বাসস।
সিমিন হোসেন রিমি বলেন, মনে রাখতে হবে, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে
প্রতিটি পুরুষ ও নারীর সমঅধিকার রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে যেখানে পারিবারিক সহিংসতা দুশ্চিন্তার
বিষয় হয়ে দাঁড়িয়েছে, সে সময় এ ধরনের লার্নিং ক্যাম্প আয়োজন সত্যিই সময়োপযোগী পদক্ষেপ।
তিনি বলেন, পুরুষদের মধ্যে শিশুর যত্নের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পারিবারিক
কাজে সংশ্লিষ্টতা সমাজের জন্য ইতিবাচক দিক। এ ক্যাম্পগুলো পারিবারিক বন্ধন আরো দৃঢ়
করে শিশুর সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।
আয়োজকরা জানান, পরিবারে পুরুষের ভূমিকা শীর্ষক এ বুট ক্যাম্প ও লার্নিং
ক্যাম্পে ১১০ দম্পতি দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করে। পরিবারে নারী ও পুরুষের সমান
অংশগ্রহণ একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম উপজীব্য। পারিবারিক ভারসাম্য বজায় রাখতে এবং
সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে বাবা-মা দুজনের সমান ভূমিকা থাকে যা শিশুর সঠিক বিকাশের জন্যও
সমানভাবে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী-টঙ্গী জোন, মো.
সোহেল রানা, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর
অপারেশন চন্দন জেড গোমেজ, ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম (অপারেশন) মঞ্জু মারিয়া
পালমা, সিনিয়র ম্যানেজার আরবান প্রোগ্রাম জোয়ান্না ডি রোজারিও, শিশু বিষয়ক সাংবাদিকদের
নেটওয়ার্কের সভাপতি মাহফুজা জেসমিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজনের শেষ অংশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেরা স্টল ও
প্রশিক্ষকদের পুরষ্কৃত করা হয়।










