যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা কেন্দ্রের (এইচটিসি) যাত্রা শুরু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবীব। এ সময় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে এইচটিসির জন্য ১১৬ ফ্যাক্টর ইনজেকশন ভায়াল প্রদান করা হয়, যা হিমোফিলিয়া রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ব্যবহার হবে।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (হেমাটোলজি) ডা. মারুফ আল হাসান, যশোর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. গৌতম কুমার আচার্য্য, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান ডা. সেলিম রেজা, ফিরোজাবারি ডিজঅ্যাবল চিলড্রেন হাসপাতালের চিফ ফিজিওথেরাপিস্ট ইয়াসমিন আরা ডলি ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাজমুল আলম।

বক্তারা বলেন, শরীরে রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য ১৩টি ফ্যাক্টর বা প্রোটিন কাজ করে। শরীরে কোনো স্থানে কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ না হওয়া এবং দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণ হওয়া এ রোগের লক্ষণ। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এইচটিসির যাত্রা শুরু হওয়ায় এখন থেকে এ ধরনের রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন।