মেহেরপুরে চাঞ্চল্যকর গোলাম লিয়াকত হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন ও অন্য তিনজনের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মামলায় জড়িত অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। গতকাল সকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাসের এ রায়  দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত ওলিয়ত খাঁর ছেলে কাবিদুল ইসলাম (৫০) ও মফিজুল খাঁ (৪০), একই গ্রামের আবুল খাঁর ছেলে জমাত আলী খোকা (৪০)। তবে আসামি জমাত আলী খোকা পলাতক রয়েছেন।

এছাড়া এক বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের  মৃত তোহরা খাঁর ছেলে লিয়াকত খাঁ (৩৫) ও ভরস খাঁ (৩০) এবং আবু লাইসের ছেলে ছোট খোকন (২৮)।

জানা গেছে, ২০১৬ সালের ৮ জানুয়ারি বিকাল ৩টায় বাগোয়ান হাটে ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে এক সংঘর্ষে মৃত গোলাম মক্করের ছেলে গোলাম লিয়াকত হোসেন খুন হন। এ ঘটনায় নিহত গোলাম লিয়াকত হোসেনের ভাই মোখলেছুর রহমান বাদী হয়ে নয়জনকে আসামি করে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ২৭ জনের সাক্ষ্য ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ছয় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এ সাজা দেয়া হয়েছে।