নড়াইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী (কালিয়া উপজেলা) খান শাহীন সাজ্জাদের গাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। এ সময়ে তার এক সমর্থকের গাড়িতেও হামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। শনিবার রাত ১০টার দিকে কালিয়া পৌরসভার সামনে এ হামলার ঘটনা ঘটে। আজ নড়াইল সদর উপজেলায় দুটি এবং কালিয়া ও লোহাগড়া উপজেলার একটি করে মোট চারটি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
খান শাহীন সাজ্জাদ অভিযোগ করেন, তিনি এবং তার সমর্থক সালামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আহমেদ নির্বাচনী কাজ শেষে কালিয়া পৌরসভার সামনে অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী রবিউল ইসলাম খানের সমর্থকরা তার ও শামীম আহমেদের প্রাইভেট কার ভাংচুর করে। এ সময় ঠেকাতে গেলে তার গাড়িচালক জামাল হোসেনের মাথায় আঘাত করে হামলাকারীরা। এছাড়া আমাকে গালাগাল ও হুমকি দেয়।
অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক
ও প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী রবিউল ইসলাম দাবি করেন, কারা ওই ঘটনা ঘটিয়েছে জানি না।
কালিয়া থানার ওসি তাসমিম আলম বলেন, এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। পুলিশ তত্পর রয়েছে।










