মেহেরপুরের গাংনীতে মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। হায়দার আলী (৪২) নামের ওই কৃষক ছাড়াও এ সময় আহত হয়েছেন চারজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাংনী এলাকার সাহারবাটি মাঠের একটি গাছে মৌচাক ছিল। হঠাৎ সেখানে একটি বাজপাখি আক্রমণ করে। পরে চাক ভেঙে মৌমাছিরা সেখানে থাকা লোকজনের ওপর আক্রমণ করে। এ সময় মৌমাছির উপর্যুপরি কামড়ে ঘটনাস্থলেই মারা যান হায়দার আলী। আহত হয়েছেন ফজলু, মাসুম, হায়াত আলী ও মোহাম্মদ আলী।

আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবীর হাসান জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজন আশঙ্কামুক্ত। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।