ঢাকার আশুলিয়ায় দুই বাসের প্রতিযোগিতায়
মেহেদী হাসান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিবাদে বাস দুটিতে আগুন
দেন বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে
টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বেঙল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রাজধানীর ডেমরা থানার
থুলথুলিয়া এলাকার মো. মাজেদের ছেলে। তিনি পেশায় ইলেকট্রেশিয়ান।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে জিরাবো ফায়ার
সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন বলেন, সকালে আলী নুরের দুটি বাস প্রতিযোগিতা করে
টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল। এ সময় দুই বাসের মাঝে চাপা
পড়ে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
আরো বলেন, পরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে
বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত আমরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে এসে আগুন
নিয়ন্ত্রণে আনি। মরদেহ থানা পুলিশ উদ্ধার করেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ
আল মামুন বলেন, আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। এসে দেখি দুটি বাসে আগুন জ্বলছে।
একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন বাস দুটির
আগুন নিয়ন্ত্রণে।
রেকার দিয়ে সড়ক থেকে বাস দুটিকে সরিয়ে
নেয়া হয়। পরে সড়কে যানচলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।










