ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, দেবিদ্বার আসনে ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। আমরা সব কেন্দ্রের ফলাফল একত্রিত করছি। সব কেন্দ্রেই হাসনাত আবদুল্লাহ এগিয়ে আছেন।
আসনটিতে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত এবং বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। বিকাল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন জসীম উদ্দিন।
আসনটিতে মোট ১১৬টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।














