মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা সদর উপজেলার রামনগর পর্যন্ত ২৪ দশমিক ৮ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মো. সেলিম রেজা সচিব রেলপথ মন্ত্রণালয়, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রমুখ।

মন্ত্রী জানান, মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরার রামনগর পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পে ১ হাজার ২০২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ২৪ দশমিক ৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। এছাড়া মাগুরা ও কামারখালীতে দুটি নতুন স্টেশন ও দুটি প্লাটফর্ম, দুটি শেড নির্মাণ, একটি আন্ডারপাস, গড়াই ও চন্দনায় দুটি মেজর রেলসেতু, ২৮টি মাইনর ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। পাশাপাশি, সিগন্যালিং ও ইলেকট্রিক্যাল কাজ করা হবে। এ কাজের জন্য ১৩০ একর ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

তিনি আরো জানান, বর্তমান সরকার দেশের প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার যে মহাপরিকল্পনা গ্রহণ করেছে, সে লক্ষ্যে মাগুরা জেলাকে নতুন করে রেল সংযোগের আওতায় আনার মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপথ আরো সমৃদ্ধিশালী হবে।