ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে বড় জয় পেয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের প্রার্থীরা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ জনের মধ্যে ১৪ জন বিজয়ী প্রার্থীই নীল দলের। শুধু সহসভাপতি পদে জয়ী হয়েছে জামায়াত-বিএনপিপন্থী সাদা দল। গতকাল বিকালে নির্বাচন কমিশনার ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার নির্বাচনের ফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
৮১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। সাদা দলের একমাত্র বিজয়ী প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুত্ফর রহমান ৬৭৯ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৭১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা। এ পদে সাদা দলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী নীল দলের আবু খালেদ মো. খাদেমুল হক পেয়েছেন ৮৪৫। বিপরীতে সাদা দলের দেবাশীষ পাল পেয়েছেন ৩৬৬ ভোট।










