দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ
নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে ইউরোপ-আমেরিকার
মতো উন্নত হবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জেলার জুড়ী উপজেলা পরিষদ
মিলনায়তনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের
চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা
বলেন।
শাহাব উদ্দিন বলেন, তৃণমুল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা
নিশ্চিত করার জন্য প্রতিটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে যা
এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।
তিনি বলেন, ভূমিহীন মানুষকে জায়গাসহ বাড়ি করে দেয়ার বিষয়টিও
বিশ্বে বিরল। সরকার মানুষের জীবন মান উন্নয়নে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করেছে।
জুড়ীর উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস
প্রমুখ।
পরিবেশমন্ত্রী এদিন জুড়ী উপজেলার ৬৫ জনকে এক বান করে
টিন ও নগদ ৩ হাজার টাকা এবং ৫০ জনকে ১০ হাজার টাকা দেয়া হয়।










