নির্বাচনের ফলাফল ঘোষণায় টেম্পারিংয়ের অভিযোগ তুলেছে এনসিপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দু্টইয় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, আমরা লক্ষ্য করছি কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিংয়ের চেষ্টা চলছে। কিছু আসনে বিএনপি প্রার্থীরা হেরে যাচ্ছে দেখে ১১ দলীয় জোটের প্রার্থীদের হারানোর জন্য ফলাফল টেম্পারিং করা হয়েছে। আমরা এর স্পষ্ট প্রমাণ পেয়েছি।
তিনি বলেন, ঢাকা-১৩ আসনে অসংলগ্ন ফলাফল এসেছে। কেন্দ্র থেকে একরকম ফল এসেছে, একই ফল মিডিয়াও এসেছিল। কিন্তু রিটার্নিং কর্মকর্তা অন্যরকম ঘোষণা দেন। ঢাকা-৮ ও ১৫ আসনেও এমন হয়েছে। এছাড়া ঢাকা-১৬ ও ১৭ আসনে ভোট গণণা শেষ হওয়ার আগেই একজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা-১৯ আসনে আমাদের প্রার্থী একটি কেন্দ্রে ভোট ৬০০ ভোট পায়, বিএনপির প্রার্থী পেয়েছিল ৪৬০ ভোট। কিন্তু ঘোষণার সময় শাপলাকলি হয়ে যায় ৪৬০ ভোট এবং ধানের শীষ ৬০০ ভোট। একইভাবে ঢাকা ১১ আসনে এসসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ৬ হাজারের বেশি এগিয়ে থাকলেও ঘোষণার সময় ব্যবধান মাত্র দেড় হাজারে নেমে আসে। এ সময় তিনি আরো কয়েকটি আসনে টেম্পারিংয়ের অভিযোগ আনেন।
তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলব বিষয়গুলো ক্ষতিয়ে না দেখা পর্যন্ত এসব আসনে যেন ফল ঘোষণা করা না হয়। এ সময় তিনি বেশ কয়েকজন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।














