ফরিদপুরের ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। যতদূর শুনেছি, ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায় নি।










