পিরোজপুরে নিজ বাসা থেকে ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মা সিতারা হালিমের (৭৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, রাতের কোনো এক সময় শ্বাসরোধে সিতারা হালিমকে হত্যা করে মেঝেতে ফেলে রাখা হয়েছে। নিহত সিতারা হালিম পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ শহরের সিআইপাড়া এলাকার মৃত প্রফেসর আব্দুল হালিম হাওলাদারের স্ত্রী।

নিহত সিতারা হালিমের মেয়ে সালমা আরজু জানান, শহরের সিআইপাড়া এলাকায় তাদের বাসভবনের দ্বিতীয় তলায় তার মা একা থাকতেন। রোববার রাতে সবশেষ তার মায়ের সঙ্গে কথা হয়। গতকাল সকালে তাদের বাসায় রঙ করার জন্য আব্দুল কুদ্দুস নামে একজন রঙমিস্ত্রি বাসায় গিয়ে দরজায় ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া না গেলে তিনি বাসার নিচতলার ভাড়াটিয়ার কাছে বিষয়টি জানান।

অনেক সময় পরও দরজা না খুললে ভাড়াটিয়া ও রঙমিস্ত্রি পেছনের দরজা দিয়ে তাকে ডাকতে যান। তারা পেছনের দরজা খোলা দেখতে পান এবং বাসার ভেতরে মেঝেতে সিতারা হালিমকে পড়ে থাকতে দেখেন। এ সময় ভাড়াটিয়া ফোন দিয়ে বিষয়টি জানালে মেয়ে ও তার স্বামী বাসায় এসে দেখতে পান ঘরের মেঝেতে তার মায়ের মরদেহ পড়ে আছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘরের আলমারি ভাঙা। আসবাব এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে। তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে রাতের কোনো এক সময় তাকে হত্যা করে ঘরের ভেতর ফেলে রাখা হয়েছিল। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।