রাজবাড়ী সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। রোববার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সেনাক্যাম্পের সদস্যরা সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া এলাকায় অভিযান চালান।

এ সময় গোয়ালন্দ মোড় ব্র্যাকপাড়া এলাকার আকাশ মোল্লা (২৮) ও খানখানাপুর দত্তপাড়া এলাকার তাজুল ইসলাম (৩৪) নামের দুজনকে আটক করা হয়। এর মধ্যে তাজুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই ওয়ারেন্ট ছিল।

সেনা সদস্যরা জানিয়েছেন, আটক ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি দেশীয় পিস্তল, ওয়ান শুটারগানের ৬ রাউন্ড গুলি, পিস্তলের ২ রাউন্ড বুলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান। অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলো থানায় জমা দেয়া হয়েছে।