ফেনীর ফুলগাজী উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে এ মামলার আসামি আবু বকর ছিদ্দিক সোহাগকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল রোববার আসামির উপস্থিতিতে আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় ভুক্তভোগী কিশোরীকে তুলে নিয়ে যান সোহাগ। একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে কিশোরীকে হাসপাতালে নিয়ে যান এক ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ফেনীর ফুলগাজী থানায় একটি ধর্ষণের মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহম্মদ জানান, সব সাক্ষ্য-প্রমাণ যাচাই করে আদালত আসামি আবু বকর ছিদ্দিক সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন। রায়ের পর তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।










