মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা দুবাই ও আবুধাবি রুট আগামীকাল বুধবার চালু হতে পারে। আজ সোমবার বিমান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুট স্থগিত থাকছে।
বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মাঝে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে যোগাযোগ করুন যাত্রীদের ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
প্রসঙ্গত কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে রয়েছে বিমানের ১০টি আন্তর্জাতিক রুট। ২৮ ফেব্রুয়ারি ইরানে সংঘাত শুরুর পর থেকে গত মার্চ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমানের ২৪টি ফ্লাইট বাতিল করা হয়। আর গত ৩ মার্চ থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সকল ফ্লাইটসমূহ সাময়িকভাবে স্থগিত করেছে বিমান। এই ছয় রুটের মধ্যে বর্তমানে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করে বিমান। আর ঢাকা-দুবাই রুটে বিমানের সাপ্তাহিক শিডিউলড ফ্লাইট সাতটি।










