ক্রমেই মারমুখী ব্যাটিংয়ের ঈর্ষণীয় এক ব্র্যান্ড হয়ে উঠছে ইংল্যান্ড ক্রিকেট দল। সদ্যই ট্রেন্ট ব্রিজ টেস্টে ৫০ ওভারে ২৯৯ রান করে তাক লাগিয়ে দেয় ইংলিশরা। গতকাল দেশটি ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল। নিজেদেরই গড়া আগের সর্বোচ্চ ৪৮১ রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে তারা। এবার সংগ্রহটা ৫০০ ছুঁইছুঁই। কাল আমস্টিলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে ৪৯৮ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে ইয়োন মরগানের দল জিতেছে ২৩২ রানে।

এর আগে ২০১৮ সালের ১৯ জুন ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান করে ওয়ানডেতে দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে ইংল্যান্ড। কাল নিজেদের সেই রেকর্ড ভাঙল মরগানের দল। ওয়ানডে শীর্ষ তিনটি দলীয় সংগ্রহই এখন ইংল্যান্ডের দখলে। ২০১৬ সালে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে তারা তুলেছিল ৩ উইকেটে ৪৪৪ রান। এর পরই শ্রীলংকার ৪৪৩/৯ (প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ২০০৬) ও দক্ষিণ আফ্রিকার ৪৩৯/২ (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০১৫)।