ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে গত কয়েক দিন সেতুতে বেড়েছে টোল আদায়ও। 

সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে সোয়া তিন কোটি টাকার বেশি টোল আদায় করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে যানবাহন পারাপার হয়েছে ৪২ হাজার ৫৬০টি।

বিবিএ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৬ জুন) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

সেতু পূর্ব টাঙ্গাইল অংশে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৭টি যানবাহন পার হয়। বিপরীতে এক কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে এক কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।

আজ সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল পারাপার ও টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন পারাপার করে। যানজট এড়াতে সেতুর উভয় পাড়ে অতিরিক্ত টোল বুথও বসানো হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে ১৫-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। যার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে অতিরিক্ত গাড়ির চাপে যানজট ও ভোগান্তি তৈরি হয়।