ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন আজ থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। এতদিন ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করত। রুট সম্প্রসারণের ফলে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন স্টেশনের যাত্রীরাও সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত ৮টা ৩০ মিনিটে যাত্রা করবে মহানগর এক্সপ্রেস। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনটির যাত্রায় সময় লাগবে সাড়ে ৯ ঘণ্টা। পথে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে ট্রেনটি। এর সাপ্তাহিক বন্ধ রোববার।

ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। ট্রেন দুটি ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেয়। মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে পথে আরো কয়েকটি স্টেশনের যাত্রীরা কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।

মহানগর এক্সপ্রেসের কক্সবাজার পর্যন্ত বর্ধিত রুটের যাত্রা উদ্বোধন উপলক্ষে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত থাকবেন।