চাঁদপুরের কচুয়ায় মাছ চুরির অভিযোগে সাকির হোসেন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৎস্য খামারের মালিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সাকির হোসেন উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
নিহতের পরিবারের দাবি, সাকির হোসেনকে পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় হত্যা মামলা করা হবে।
কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশে বিকাশ নামে এক ব্যক্তির মাছের খামার রয়েছে। খামার থেকে মোটর চুরির অভিযোগ এনে সাকির হোসেনকে আটকে রাখা হয়। পরে ৩০-৩৫ জন তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলেই রেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খামার মালিক বিকাশসহ দুজনকে আটক করেছে পুলিশ।










