নোয়াখালী জেনারেল হাসপাতালের গেটে দায়িত্ব পালনকালে দুই আনসার সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে মিল্লাত নামের এক আনসার সদস্যের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার প্রতিবাদে হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের প্রধান গেটে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সিদ্দিক উল্যার ছেলে মিল্লাত হোসেন ও ফরিদপুর জেলার দানোয়া গ্রামের রুস্তম বেপারীর ছেলে মো. মনসুর। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের প্রধান গেটসহ যত্রতত্র সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ঢুুকে পড়ে। এতে হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত হয়। ফলে এসব যানবাহন ভেতরে প্রবেশ বন্ধে দায়িত্ব পালন করেন আনসার সদস্যরা। গতকাল বেলা সোয়া ১১টার দিকে কয়েকজন হাসপাতালের গেট দিয়ে সিএনজি-অটোরিকশা ভেতরে ঢোকানোর চেষ্টা করলে দায়িত্বরত দুই আনসার সদস্য বাধা দেন। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে দুই আনসার সদস্যকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন জানান, তাদের দুজনের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।