কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে, যে সরকার ক্ষমতায় থাকবে তারাই নির্বাচনের সময় দায়িত্বে থাকবে। নির্বাচন পরিচালনা করা সরকারের দায়িত্ব নয়, এটি নির্বাচন কমিশনের দায়িত্ব। আশা করি, নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, আমরাও বলছি, আমাদের ওপর আস্থা রাখুন, নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে। বিএনপি যত অন্দোলনের কথাই বলুক, হুমকির কথা বলুক, নির্বাচন সুষ্ঠু হবে। এবার আর বিএনপি গাড়িতে, রেললাইনে আগুন দিয়ে, বিদ্যুতের লাইন কেটে দিয়ে আন্দোলন করতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি একটা পর্যায়ে নির্বাচনে আসবে। আমরা সে পরিবেশ সৃষ্টি করছি।

কৃষি মন্ত্রী আরো বলেন, ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অন্যান্য ধর্মান্ধ দলগুলো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। তারা নানা রকম ষড়যন্ত্র করছে। আর্ন্তজাতিক পার্যায়েও আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই অপতৎপরতা মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে।