জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগ। ‘বৈষম্য নয়, সমতায় জয়’ এই স্লোগানকে ধারণ করে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় এমজেএফ-জেইউডিও ১৫তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
গতকাল রোববার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে এ বিতর্ক অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব আয়োজিত হয়।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিতর্ক চর্চার সবচেয়ে বড় ও সম্মানজনক এই প্রতিযোগিতায় ১৮টি বিভাগ অংশগ্রহণ করে। সব বিভাগকে পেছনে ফেলে ফাইনালে ওঠে ভূগোল ও পরিবেশ বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।
চূড়ান্ত পর্বে এই সংসদ ‘লিঙ্গভিত্তিক সহিংসতার অপরাধ দমনে প্রতিরোধমূলক শাস্তির পরিবর্তে সংশোধনমূলক শাস্তিকে সমর্থন করে’ শীর্ষক বিতর্কে সরকার দল হিসাবে অংশগ্রহণ করে ভূগোল ও পরিবেশ বিভাগ এবং বিরোধী দল হিসাবে অংশগ্রহণ করে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।
প্রতিযোগিতায় ভূগোল ও পরিবেশ বিভাগের হয়ে বিতর্ক করেন এস এম রাশেদুল ইসলাম, আল রাব্বী সিমেন্স এবং ইশতিয়াক আহমেদ। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের হয়ে বিতর্ক করেন ইয়াসির মোহাম্মদ আমিন ,মিরাজ বিশ্বাস ও মাসুম হাসান। ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন ইশতিয়াক আহমেদ। তিন দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা সংসদীয় পদ্ধতিতে আয়োজিত হয় এবং পুরো প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন ফারিম আহসান।










