বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘অপরাধে জড়িত পুলিশ সদস্যের যদি বিচার না হয়, তাহলে রাষ্ট্রের অন্য কোনো নাগরিকের বিচারও প্রশ্নবিদ্ধ হয়। পুলিশও বিচারের বাইরের কেউ না। পুলিশ বা অন্য যে কেউ হোক, অপরাধীর বিচার হতেই হবে।’

গতকাল বিকালে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং যাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে মামলা হবে। যে পদ্ধতিতে তাদের বিচার হওয়ার কথা, সে পদ্বতিতে অবশ্যই বিচার হতে হবে। যারা অতি উৎসাহী হয়ে দায়িত্ব থেকে সরে গিয়ে নির্দেশের বাইরে অন্যায় করেছেন, তাদের কোনো ছাড় নেই। সে যদি পুলিশও হয়, তবে সে অন্যায়কারী। তাদের বিচার হতেই হবে।’