অবশেষে সরিয়ে নেয়া হচ্ছে মাদারীপুরের কালকিনি উপজেলার টরকী নদীর তীর রক্ষা বাঁধে দেয়া নিম্নমানের বস্তা। গত ৪ সেপ্টেম্বর বণিক বার্তায় ‘মাদারীপুরে টরকী নদীর তীর রক্ষা বাঁধ, নিম্নমানের পাটের বস্তা দিয়ে নির্মাণকাজের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে পাউবো কর্তৃপক্ষের টনক নড়ে। পরে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের একটি দল তীর রক্ষা বাঁধ পরিদর্শন করে অপসারণের উদ্যোগ নেয়।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম বলেন, ‘টরকী নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণে বালি ও সিমেন্ট ব্যবহারে অনিয়ম হয়নি। তবে বালি ও সিমেন্টমিশ্রিত কিছু পাটের বস্তা নিম্নমানের দেয়া হয়েছিল। সেগুলোকে অপসারণ করে আমরা নতুন পাটের বস্তা ও প্রয়োজনীয় স্থানে জিও ব্যাগ নতুন করে স্থাপন করে দিচ্ছি। এমনিতে বাঁধ নির্মাণকাজের গুণগত মান ভালো হয়েছে।’

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে লতিফ মোড়ল লাভলু বলেন, ‘টরকী নদীর বাঁধ নির্মাণে পাটের বস্তার মান ভালো ছিল। কিন্তু বাঁধ নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এতে কিছু কিছু পাটের বস্তায় দ্রুত পচন ধরে যায়। এখানে আমাদের কোনো ধরনের গাফিলতি ছিল না। আমরা নষ্ট হয়ে যাওয়া বস্তাগুলো অপসারণ করে নতুন বস্তা স্থাপন করে দিচ্ছি।’