সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া পৌরসভা। চলতি সপ্তাহে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন প্রতিষ্ঠা বিধিমালা ২০১০-এর বিধি অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি, এলাকাবাসীর মতামত, আপত্তি নিষ্পত্তিমূলক চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ১০ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষে স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-২ শাখা থেকে জেলা প্রশাসককে পত্র পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত চিঠি অনুলিপি পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে দেয়া হয়। স্পষ্টরূপে সীমানা চিহ্নিতকরণ শেষে চলতি সপ্তাহে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

বিগত সময়ে উন্নয়নবঞ্চিত বগুড়াবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক হোসনা আফরোজা সিটি করপোরেশন প্রতিষ্ঠার জন্য প্রস্তাব পেশ করেন। এরপর থেকেই সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া এগিয়েছে।

বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভাটি ১৮৭৬ সালে প্রতিষ্ঠত হয়। ১৯৮১ সালে পৌরসভা প্রথম শ্রেণীর মর্যাদা পায়। ২০০০ সালে এর আয়তন ছিল ১৪ দশমিক ৭৬ বর্গকিলোমিটার। এরপর ২০০৪ সালে বর্ধিত করে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয়। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় জনসংখ্যা রয়েছে প্রায় ১০ লাখ।

বিভিন্ন সময় বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলার দাবি তুলে আসছিলেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রস্তাবটি তুলে ধরেন। তখন এ বিষয়ে সম্মতি দেন সরকারের নীতিনির্ধারকরা। বিষয়টি আমলে নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়। গণবিজ্ঞপ্তি জারি ও স্থানীয় জনগণের মতামত নেয়ার জন্য চূড়ান্ত প্রতিবেদন চেয়ে ১০ এপ্রিল চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। গণবিজ্ঞপ্তি জারির ৪৫ দিন পর স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে তা পাঠানো হবে মন্ত্রণালয়ে। ওই প্রতিবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য এ-সংক্রান্ত প্রস্তাবনা পাঠানো হবে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে। তাদের সম্মতিসাপেক্ষে সীমানা নির্ধারণ শেষে সিটি করপোরেশন গঠন করে প্রজ্ঞাপন জারি করবে স্থানীয় সরকার বিভাগ।

জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বগুড়া সিটি করপোরেশন এখন সময়ের বিষয় মাত্র। এর প্রক্রিয়া শুরু হয়েছে। দুই-একদিনের মধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। সিটি করপোরেশন গঠনের মাধ্যমে বগুড়ার উন্নয়নে আরো ভূমিকা রাখা সম্ভব।’