ঠাকুরগাঁওয়ে আবারো একটি নীলগাই উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রামে এ নীলগাইটিকে ধরে স্থানীয়রা। পরে ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবির হাতে হস্তান্তর করা হয়। বর্তমানে নীলগাইটি সুস্থ ও বিজিবির জিম্মায় আছে বলে জানান ইউপি চেয়ারম্যান হিমু সরকার।
তিনি জানান, শুক্রবার বিকালে ছাই রঙের নীলগাইটি ভারতীয় সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীলগাইটিকে দেখতে পেয়ে চারপাশ ঘেরাও করে ধরে ফেলে। পরে তারা আমাকে খবর দিলে আমি বিজিবি ক্যাম্পকে বিষয়টি জানাই। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে নীলগাইটি বিজিবির কাছে হস্তান্তর করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, গ্রামবাসী ধাওয়া করে নীলগাইটিকে ধরে ফেলে। পরে আমরা খবর পেয়ে সেখানে যাই।
উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। বর্তমানে নীলগাইটি সুস্থ রয়েছে। নীলগাইটি বিজিবির হেফাজতে রাখা হয়েছে। প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উদ্ধার হওয়া নীলগাইটি বর্তমানে ভালো রয়েছে। নীলগাই হরিণের মতো নিরীহ। আমাদের দেশে জনসাধারণের জন্য প্রাণীটি লালন-পালনে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এর প্রজনন ও বংশবিস্তারের উদ্যোগ নেয়নি প্রাণিসম্পদ বিভাগ।
উল্লেখ্য, প্রায় আট দশক আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয় এ প্রাণী। এ নিয়ে গত চার বছরে ঠাকুরগাঁওয়ে পাঁচটি নীলগাই দেখা গেছে। এর মধ্যে চারটিরই মৃত্যু হয়েছে।
এর আগে গত ২৬ নভেম্বর জেলার হরিপুর সীমান্তের মিনাপুর গ্রামে ধূসর রঙের একটি নীলগাই ধরেছিল এলাকাবাসী। কিন্তু গ্রামবাসীর ধাওয়ায় আহত হয়ে নীলগাইটি মারা যায়। গত বছরের ২ জুলাই দুপুরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় মুক্তার বস্তি থেকে একটি মৃত নীলগাই উদ্ধার করেছিল উপজেলা প্রশাসন। এছাড়া গত বছরের ২৩ ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকার নাগর নদীর তীরে একটি কালো রঙের পুরুষ নীলগাই উদ্ধার করে বিজিবি।
এর আগে প্রথমবার ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর রানীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামের পাশ থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় নীলগাইটিকে উদ্ধার করে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে যায়। সেখানে চার দিন থাকার পর একটি মৃত বাচ্চা প্রসব করে প্রাণীটি। ২০১৯ সালের ১৮ মার্চ উদ্যানের বেড়ার সঙ্গে ধাক্কা লেগে মারা যায় স্ত্রী নীলগাইটি।










