মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় আহমেদ আলী ও মামুন সমর্থিত দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। কয়েক দফায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণসহ গোলাগুলি হয়। এসময় ঘটনাস্থলে দুইজন গুলিবিদ্ধ হন। আহত হন বেশ কয়েকজন।
দুই গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজীব হাসান।
আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ রবিউল ইসলাম (১৮) ও আসাদকে (৪৫) প্রথমিক চিকিৎসা দেয়ার পর তাদের অবস্থার অবনতি হলে, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বাসাক জানান, সকাল সাড়ে ছয়টার দিকে দুইজন মারাত্মক আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে দুই জনই গুলিবিদ্ধ। একজনের পায়ে গুলিতে মাংস উড়ে গিয়েছে। আরেকজনের গুলির আঘাত আরো গভীর। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের রেফার করা হয়েছে।
পরিদর্শক মোহাম্মদ রাজীব হাসান জানান, এ ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমর ঘটনাস্থলে রয়েছি। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে। তবে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ওই এলাকার স্থানীয় মামুন ও আহমেদ আলী গ্রুপের সমর্থিত লোক।










